"বাদল করেছে মেঘের রং ঘন নীল। ঢং ঢং ক’রে ৯টা বাজল। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসারবাবুর বাসায়। সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজসিংহ আসবেন। কংসবধ অভিনয় তাঁকে দেখাবে। বাংলাদেশে তাঁর বাড়ি নয়। তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু তাঁরি সংসারে কাজ করেন। কাংলা,তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধে সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কী? ঝুড়িতে আছে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ।সংসারবাবুর মা চেয়েছেন। " সহজ পাঠ,দ্বিতীয় ভাগ,প্রথম পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুর ।
নাহঃ আজ বাদল করেনি কিন্তু বরফ পড়েছে। আমেরিকায় মাছের সহজ পাঠ প্রায় চুকে গেছিলো। কিন্তু ধনঞ্জয়ের কল্যাণে মাঝে মাঝে একটু মাছ আধটু জোটে বটে । মাছ রান্নাটা ঠিক আমার হয়না তাই ধনঞ্জয়ের ওপর ভরসা করতেই হয়। বছরের এই সময়টা খুব আনন্দ, একেই চারিদিকে হ্যাপি হলিডেস শুনে শুনে মনে প্রাণ হলিডেসে সমর্পিত তার মধ্যে প্রবল ঠান্ডা আর তুষারপাতের জন্য মাঝে মাঝে অফিসের অনুমতি নিয়ে সেফটি ফার্স্ট মাথায় রেখে বাড়ি থেকে কাজ করার সুযোগ পাওয়া যায়। এরকম এক দুপুরে ধনঞ্জয়ের ইচ্ছে হল বেকড স্যামন বানানোর। আমি তখন ইন্টারনেটে সহজপাঠের পাতায় চোখ রেখে সংসারবাবুর মা ট্যাংরা মাছ, চিংড়ি মাছ এর গপ্পো পড়ছি আর রান্নাঘরে তখন ধুন্ধুমার কান্ড।
বেকড স্যামন পর্ব নিচে নথিভুক্ত করলাম -
- স্যামন মাছ
- পাতি লেবুর রস
- গ্রেটেড রসুন
- শুরু লম্বা করে কাটা পেয়াঁজ
- অনিয়ন পাউডার
- গার্লিক পাউডার
- ধনেপাতা কুচোনো
- লেমন পেপার সিজনিং
- অলিভ অয়েল
- মিক্সড স্যালাড পাতা
- পার্চমেন্ট পেপার
অনিয়ন পাউডার ,গার্লিক পাউডার , লেমন পেপার সিজনিং , অলিভ অয়েল মিশিয়ে পেস্ট বানিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে। পার্চমেন্ট পেপার অর্ধ্যেক ভাজঁ করে মিক্সড স্যালাড পাতা বিছিয়ে নিয়ে তার ওপর মশলা মাখানো মাছ রেখে তারপর কাটা পেঁয়াজ , ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিতে হবে। এর ওপর লেবুর রস ছড়িয়ে দিতে হবে (সরু চাকা করে কাঁটা লেবু মাছের ওপর বসিয়ে দেওয়া যেতে পারে) ।সবার শেষে হালকা করে অলিভ অয়েল ছড়িয়ে দিতে হবে। এবার পার্চমেন্ট পেপার এর অন্য অংশটা বইয়ের আরেক সাইড এর মতো বন্ধ করে দেখে দিয়ে পাশগুলো মুড়িয়ে একটা খামের মত করে ফেলতে হবে। বেকিং ট্রে তে বসিয়ে ১৮০ ডিগ্রী সেন্ট্রিগ্রেডে এ বেক করতে হবে। বেক হয়ে গেলে পার্চমেন্ট পেপারের মোড়াক খুলে ৫ মিন গ্রিল করতে হবে।




No comments:
Post a Comment