Sunday, August 13, 2017

পটল গোবিন্দ !!


আজ রাতে পটল গোবিন্দ বানালাম অনেকগুলো কারণে । কারণগুলো লিস্ট করছি :

১. আজ জন্মাষ্টমী। 
২. আজ আমার জীবনে একটা নতুন ঘটনা ঘটল - আমার প্রথম আর্ট এক্সিবিশন তাই খুব আনন্দে আছি। 
৩. জেডি আজ আগের থেকে বেটার , শু সন্ধ্যেবেলা ওকে দেখে  এসেছে। 
৪. গতকাল শু স্যামন সর্ষে খাইয়েছে তাই আজ আমার নতুন কিছু করে খাওয়ানোর পালা । 
৫. আজ নাকি নিরামিষ খেতে হয় ! 
৬. মামমাম উয়া গতবছর এই সময় আমেরিকায় , আমার জন্মদিন উপলক্ষে পায়েস করবে বলে মামমাম কালাজিরি রাইস যেটা এখানকার গোবিন্দভোগ চাল সেটা কিনে দিয়েছিলো। আধ প্যাকেট আমার কাছে এখনো রাখা আছে যত্ন করে। 
৭. অনেকদিন পর ইন্ডিয়ান স্টোরে ভালো পটল এসেছে। 
৮. অফিসের ল্যাপটপ ক্র্যাশ করেছে তাই হাতে অনেক সময় !

আমাদের বাড়িতে খুব মুড়িঘন্ট রান্না হয়। আমি আগেও খেতাম না , এখনো খাইনা না মাছের গন্ধ ভালো লাগে না তাই , সেই জন্য আমার জন্য স্পেশাল নিরামিষ মুড়িঘন্ট হয় বাড়িতে। পটল গোবিন্দ একপ্রকার নিরামিষ মুড়িঘন্ট। 



পটল গোবিন্দ !!




উপকরণ :
১. পটল
২. আলু 
৩. গোবিন্দ ভোগ চাল (আমার ক্ষেত্রে কালাজিরি )
৪. আদা বাটা 
৫. হলুদ 
৬. কিশমিশ 
৭. নুন, চিনি 
৮. জিরে ,গোটা  গরম মশলা , তেজ পাতা 
৯. গরম মশলা গুঁড়ো 
১০. ঘি।
১১. সাদা তেল 
১২. লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা 

​প্রণালী :
পটল আলু ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে হলুদ নুন মাখিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে । তুলে নিয়ে ওই তেলেই ঘি দিয়ে গরম মশলা তেজ পাতা জিরে ফোড়ন দিয়ে আলু আর পটল ভেজে তার মধ্যে আদা বাটা গরম  মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিশমিশ দিয়ে ভালো করে ভেজে যতক্ষণ না তেল আলাদা হয়ে যায় ভাজতে হবে।  এরপর ৩০ মিনিট ভিজিয়ে রাখা চাল মিশিয়ে হালকা ভাজতে হবে। সামান্য গরম জল দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। আলু পটল চাল সেদ্ধ হলে নুন মিষ্টি দিয়ে অল্প ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। 

রুটি বা ভাতের সাথে জমবে ভালো।  আমরা খেলাম রুটি দিয়ে।







শুভ জন্মাষ্টমী !


আমার আর্ট এক্সিবিশন এ আজ ইনি সাথে ছিলেন। 




Friday, August 11, 2017

খ্যাপা তুই না জেনে .....

আজ অফিস থেকে বাড়ি চলে এলাম দুপুর দুপুর। কারণ একধিক :

১. শুক্রবার দুপুর তাই অফিস ফাঁকা 
২. সারা সপ্তাহের ক্লান্তি 
৩. জেডি 

'শু' এই মুহূর্তে Schenectady র Ellis Hospital এ। আমিও যাবো ভেবে গেলাম না। সাহস হলনা। জেডি​ হয়তো চলে যাচ্ছে তাই সাহস হলনা। গত দশদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করছে জেডি ।আপাতত জন্মের পাল্লা হালকা আর মৃত্যুর পাল্লা ভারী। কাল অনেক রাত পর্যন্ত ভেবেছি 'ন' র  জায়গায় আমি থাকলে আমি কি করতাম। ICU র মেয়াদ আসতে আসতে শেষের দিকে এগোচ্ছে তাই ন কে এবার হয়তো ডিসিশন নিতে হবে ও জেডির্ চিরমুক্তির ব্যবস্থ্যা করবে কিনা। এদেশে ডাক্তাররা খুব কঠিন , কঠোর , সব থেকে কাছের মানুষকে  নিজে হাতে ventilation এর নল খুলে মুক্তি দিতে বলে। শেষ ভরসা ছিল 'অ' দার Neurosurgeon বন্ধু।  গত রাতে তারাও হাত তুলে দিয়ে  ন কে  জানিয়ে দিয়েছে জেডি আর হয়তো কোনোদিন জেগে উঠবে না।  তাই কাল থেকে একটা পাথর মাথার ওপর চেপে রয়েছে , মাথায় না বুকের ওপর ঠিক বুঝতে পারছিনা। 

সোফায় বসে বসে আপাতত বাগানের দিকে চোখ রাখলাম। আমাদের এবার অনেক গ্লাডিওলাস ফুটেছে। এখনো পর্যন্ত চারটে। আরো হবে। নিস্তব্ধ দুপুরে বাইরের হাওয়ায় দোল খাচ্ছে সব কটা ফুল। হিংসা হচ্ছে ওদের আনন্দ দেখে। ভারী দোটানা আজকের দুপুরটায় - একদিকে গ্লাডিওলাসের আনন্দ দেখে আপনমনে হাসছি আরেকদিকে পাথরটা ঠেলে সরাতে চেষ্টা করছি কিন্তু পারছিনা। অজান্তেই চোখটা ভিজে গেছে কখন টের পাইনি।পাথর ঠেলে সরাতে পারবো জানি , তবে হয়তো একটু সময় লাগবে। ওপরের এপার্টমেন্টের আওয়াজে সম্ভিত ফিরে পেলাম। তারপর লালন ফকিরের এর একটা গান ও শুনলাম যার  কথাগুলো এইরকম :

Khepa tui na jene tor
Apon khobor jabi kothay 
Apon ghor na jene baire khuje
ghor na jene baire khuje
Porbi dhaday...
Khepa jabi kothay
Khepa tui na jene tor
Apon khobor jabi kothay
Aapnare aapni na chinile
Ghurbi koto ei bhubone
Ore lalon bole onteem-kaale
lalon bole onteem-kaale
Nai re Upaay…
Khyapa jabi kothay

আমাদের সবার শুভকামনা জেডির এর সাথে ....