দেশ ছাড়ার পর থেকে নতুন জায়গা নতুন মানুষের সাথে সাথে নতুন খাবারও কম উপভোগ করিনি। তবে আমার ঝোঁক বেশিরভাগই গাছ পালার প্রতি। গাছ পালা না বলে বরং বলি শাক সবজি নাহলে নিজেকে কেমন ডাইনোসর মনে হয় !
নতুন সবজি খেতে পেলে নিজেকে খুব ধন্য মনে করি বিভিন্ন কারণে। এর মধ্যে অন্যতম দুটি কারণ হল আলু,বেগুন,পটল, কুমড়ো ,ফুলকপি খেয়ে খেয়ে পেটে প্রায় চড়া পরে গেছে আর দ্বিতীয় কারণ আমি আবার মাছ মাংসের ভক্ত একেবারেই নই। তাই আমার সবুজ সাথি জিন্দাবাদ !!
জাপান এর একটি বিখ্যাত খাবারের নাম সুশি (Sushi)। না আমি কখনও জাপান যাইনি। তবে আমেরিকায় বসে সারা পৃথিবীর খাবারের স্বাদ (আমার পছন্দ মত খাবার হতে হবে ) যেকোনো সময় খেতে পারার সুযোগ হাত ছাড়া করিনি কখনো । সুবিধে হবে সাথে যদি একটি গাড়ি থাকে তো। আমি যেখানে থাকি সেখানে ডজন খানেক সুশি বার। তবে এই খাবারের প্রতি কোনদিনও কোনো বিশেষ আকর্ষন অনুভব করিনি কারণ শুনেছি বেস্ট সুশি নাকি তৈরী হয় কাঁচা মাছ দিয়ে ! এ দৃশ্য কল্পনা করাও আমার পক্ষে কষ্টদায়ক যে আমি কাঁচা মাছ খাচ্ছি ! কিন্তু শুনেছি এতে মাছের সাথে সাথে ভাতের একটি মোড়ক থাকে আর তার সাথে সবজি কুচি। এর সাথে পরিবেশন করা হয় "Wasabi পেস্ট" বা "Wasabi সস " বা কখনো "Avocado পেস্ট" । ব্যাস আমার জ্ঞান ওই পর্যন্তই।
অফিসে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে চা বা কফির সাথে টা না হলে ঠিক কাজে মন বসে না। সেইরকম এক দুপুরের কথা। এবেলা বলে রাখি আমি আবার অফিসের দিনে দুপুর বেলা গুলো শুদ্ধ ফলাহার করে থাকি ! রোজ রোজ শরীর ফল খেতে খেতে মাঝে মাঝে বিদ্রোহ ঘোষণা করে। তাই ওই চায়ের সাথে টায়ের সন্ধানে অফিসে রাখা থাকা Vending Machine থেকে এটা ওটা সেটা খেয়ে ফেলি! প্যাকেট গুলো প্রায় চেনা কিন্তু এইদিন একটা নতুন জিনিস চোখে পড়ল । Lays কোম্পানির Wasabi Ginger Kettle Cooked আলু ভাজা। প্যাকেট এর রংটাও বেশ দৃষ্টি আকর্ষণ করছে। কিনে ফেললাম। তখন খেয়াল করতে পারছিনা Wasabi মাছ না মাংস না পাতা ! প্যাকেট এর গায়ে কোথাও লেখা নেই "সেফ ফর ভেজিটেরিয়ানস "। প্যাকেট এর পেছনেও যা লেখা তাতে কিছুতেই সিওর হওয়া যাচ্ছে না !সর্বনাশ তাহলে কি আমার এক ডলার জলে গেল!
মোবাইল খুলে সাথে সাথে গুগল সার্চ "What is Wasabi ?" সামান্য কিছুটা আসস্ত্ব হলাম যাক মাছ বা মাংস গোত্রের কিছুনা। তবে কি? ফুলকপি বা মুলো গোত্রের এক রকম ঝাঁঝাঁলো গাছ ! একে আবার "Japanese horseradish" ও বলে। ব্যাস তবে আর কি প্যাকেট খুলে কামর লাগাও। একটা আলু ভাজা নিয়ে কামর মারতেই মনে হলো ঝাঁঝের চটে চোখ কান জ্বলে উঠলো ! এদিকে মোবাইলের Wikipedia স্ক্রীন বলছে এর স্বাদ কাঁচা সর্ষে বাটার কাছাকাছি ।সন্দেহ দ্বিগুন - কি জানি একশ বছরের পুরোনো মাছ মাংস পাইল করা নেই তো, এত ঝাঁঝ ! এ কোন দেশের সর্ষে বাটারে ভাই ? আমার বাবা জেঠা কাকারা সেই জায়গায় হাজির থাকলে নির্ঘাত বলতেন "খাস না পচা "! আমেরিকানরা এই সর্ষে খেলে কোম্পানির CIO কে ঘুষি মেরে ধরাশায়ী করে ফেলতে পারে।তাহলে আলু ভাজার গায়ে কি লাগানো যে নাক দিয়ে জল বের করে দিল ? মনে পড়ল ২০০৬,জুলাই মাস। British Airways এ চেপে জীবনে প্রথম একা একা বিলেত যাচ্ছি অফিসের কাজে । গন্তব্য লন্ডন। ফ্লাইট এর সব খাবারই সন্দেহের চোখে দেখছিলাম। গোটা ফ্লাইট এ কিছুই খাইনি বলতে গেলে। ফ্লাইট প্রায় Heathrow নামবে নামবে করছে। সেই সময় আমার কো-পাসেন্জার নেউরো সার্জেন ড:পাহাড়ি ঘোস আমাকে বললেন " দেশের বাইরে পা রাখছ, দেখেই বুঝেছি জীবনে প্রথম,এখন সব কিছু খেতে শেখ , অত বাছলে চলবে?"! কি জানি কি কি ক্যাবলামো করেছিলাম যে তিনি দেখেই বুঝে গেলেন যে মায়ের হাতের রান্না না পেয়ে আমি বেশ বিরক্ত ও চিন্তিত !
Vending machine এর সামনে দাঁড়িয়ে ভাবলাম ছি: ছি: দশ বছরেও শিক্ষা পেলাম না, সেই ভয় সেই সন্দেহ ! নাহ ব্যাপারটা খতিয়ে দেখতে হবে !সাথে সাথে আমার বন্ধু Vicki কে টেক্সট - "please tell me what is wasabi ?" ভদ্র মহিলা কে চোখ বন্ধ করে ভরসা করা যায়। ওনার উত্তর " It's safe for you dear, it's a plant and I hope you will really enjoy the heat"! সাথে একটা স্মাইলি ! ব্যাস এবার নিশ্চিন্ত।আমার নতুন শাখ সবজির তালিকায়ে এবার ঝাল গাছ ঢুকে গেল। এক কাপ কফি আর ভয়াবহ ঝাল wasabi ginger আলু ভাজা দিয়ে আমার নাস্তা শেষ ! লন্ডনের জন্য একটু পুরনো শোক উঠলে উঠলো ,ইশ তখন Vicki কেন ছিল না বা স্মার্ট ফোনের Wiki ও কেন ছিল না! আমার সঙ্গা অনুযায়ী কত নতুন সেফ খাবার মিস হয়ে গেছে আমার।
পরের বার সুশি না খেলেও Wasabi পেস্ট চেখে দেখতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। এই গাছ ও তার প্রয়োজনীয়তা নিয়ে পড়তে চাইলে এখানে কিছুউ জ্ঞানের কথা জানা যেতে পারে।

















