এটা আমার এবছরের প্রথম পোস্ট। প্রায় একবছর আগে শুরু করেছিলাম আমার Kaleidoscope.বেচারার এবার জন্মদিন ও পালন হলনা। তার অবশ্য নানা কারণ আছে যার মূল হলো আমার দিদিমা চলে গেলেন গত ২৬শে জানুয়ারি। আমি তখনও দেশে যেতে পারিনি। Kaleidoscope কে বেশ কিছুদিনের জন্য দূরে সরিয়ে রেখেছিলাম।মাঝে আবার ঝটিকা সফরে ঘুরে এলাম দেশ থেকে দিন ১৫র জন্য।কিছুদিনের জন্য মেনে নিতে কষ্ট হচ্ছিল যে আম্মা আর নেই। এখনো মেনে নিইনি, হাজার কাজের মধ্যে মাঝেমাঝেই মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে কেন শেষ সময়টা তাঁর সাথে থাকতে পারলাম না।নিজেকে কিছুটা হলেও ভুলিয়ে রাখার জন্য ভাবলাম আবার আমার Kaleidoscope এ প্রলাপ বকা যাক।
মনের বাদল টুটে যাবার কোনো কারণ এই মুহুর্তে হয়নি। তবুও পোস্টটার শিরোনাম তাই রাখলাম। তার কারণ আজকের অভাবনীয় ঝলমলে আবহাওয়া ! প্রায় বহুদিন পর এরকম সোনার রঙের রোদে শহর ভেসে যাচ্ছে। কাল রাতের বদলে বলা ভালো আজ ভোরে শুতে গেছি প্রায় চারটের সময় । কারণ একটা লেখা শেষ করছিলাম। শুভজিৎ এখন জার্মানি তাই আমি দিব্য একা বাড়ির রানী হয়ে ঘুরে বেড়াচ্ছি ! এখন মনে হচ্ছে একা থাকার অসুবিধে থেকে সুবিধেই বেশি! ভীষন ভালোবেসে পাড়া প্রতিবেশীর উড়িয়া ,বিহারী,সিন্ধি বৌদি ও বন্ধুরা ডিনার দিয়ে যাচ্ছে প্রায় রোজ ! ফোনের বন্যা বয়ে যাচ্ছে রোজ সন্ধ্যে থেকে রাত। অফিস এর সময়টুকু কাজ তারপর বাড়ি ফিরেই ফোনে আড্ডা! আত্মীয়দের সাথে যেমন কথা হয় (দৈনিক ও সাপ্তাহিক) তার কোনো বিরাম নেই।
একা থাকার দ্বিতীয় weekend এর শুরুর দিন আজ। আজ সারাদিন কি কি উল্লেখ যোগ্য ঘটনা ঘটল?
ঘুম থেকে উঠে সটান জানলা বাগানে চোখ। সকালে জানলা দিয়ে আলোর বন্যা বয়ে যাচ্ছিল তাই দেখে ব্যাঙ বাবাজি লাফিয়ে উঠেছে।
দুপুরে জানলা দিয়ে উঁকি মেরে ইনিও দেখে গেলেন আমি ভালো আছি কিনা! এনার নাম Jasper! ইনি মাঝে মাঝে খুব গম্ভীর মুখ করে পাড়া বেড়াতে বেরোন !
সন্ধ্যে বেলা গতকালের কেনা গার্ডেন সোলার টর্চ দুটো পরীক্ষা করলাম জলছে কিনা ,দেখলাম জলছে কিন্তু এটা পরীক্ষা করার জন্য আমাকে অন্ধকার করতে হযেছিল ঘর, কোই ভয় লাগলো না তো !
রাতে মাননীয় মুখ্য মন্ত্রী শ্রীমতি দিদি বন্দোপাধ্যায়ের (ওরফে মমতা বন্দোপাধ্যায়) রেসিপি দিয়ে তৈরী করলাম পোস্ত আর ডিমের বড়া ! রেসিপিটা মার কাছ থেকে ফোনে গত সপ্তাহে শুনে নিয়েছিলাম। সেই থেকে মাথায় ঘুরছিল কবে করে খাব!
বিগত আট দিন আমার একটানা একা থাকার উপলদ্ধি - একা মানে বোকা নয়; একা মানে বুদ্ধিমান! তাই বলি "আমার পাড়ার বৌদিরা যেন থাকে দুধে ভাতে" !




No comments:
Post a Comment